ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যসেবা দিতে আসছে ‘সহজ হেলথ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২০ | ১০:৩২ | আপডেট: ১৩ মে ২০২০ | ১০:৩৫
ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিতে সহজ চালু করছে ‘সহজ হেলথ’। এ সেবার আওতায় অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে ভিডিও পরামর্শ গ্রহণ করা যাবে। একই সঙ্গে প্রেস্ক্রিপশন নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা।
সহজ কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে তাদের প্লাটফর্মটিতে শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার যুক্ত হয়েছেন।
এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিএমএইচ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, সিটি ডেন্টাল কলেজ, পপুলার মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন শীর্ষ হাসপাতালের ডাক্তাররা আছেন। দেশের অন্যতম খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডা. কাজী নওশাদ উন নবী সহ সুপরিচিত চিকিৎসকেরাও পরামর্শ দিবেন এই প্ল্যাটফর্মে।
নতুন এই ডিজিটাল সার্ভিস নিয়ে সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোভিড ১৯ পরিস্থিতি মোকাবেলা ও স্বাস্থ্য খাতের জন্য টেকনোলজি নির্ভর এক সেবা আনার প্রয়াস থেকেই সহজের এই নতুন কার্যক্রমের শুরু। এই ডিজিটাল স্বাস্থ্য সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও’র মাধ্যমে নিজের বাসা থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ, নিতে পারবেন।
পাশাপাশি প্রেস্ক্রাইব করা ঔষধ ডেলিভারি নেওয়া সম্ভব লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, প্রেস্ক্রিপশন পয়েন্ট, আল মদিনা ফার্মেসি সহ বিভিন্ন নির্ভরযোগ্য ফার্মেসি থেকে। আগামী ১৬ মে থেকে সহজ হেলথ সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সংবাদ বিজ্ঞপ্তি