বদলগাছীর তিন যুবক হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৩:২৮ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৩:২৮
নওগাঁর বদলগাছীতে আলোচিত তিন যুবক হত্যা মামলায় নয় জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা বাসিন্দা হাসেম আলীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিনে আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মোজাহার হোসেন ও আব্দুল্লাহেল বাকী। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম।
তারা জানান, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া আসামিদের প্রত্যেককে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২০১৪ সালের ৬ জুন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডের আট বছর পর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হল।
মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক মাহমুদুল হাসান বলেন, ‘সামান্য বিষয় থেকে এই ধরণের হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক। এই ধরণের হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সমাজে একটা বার্তা দেওয়া উচিত।’
