ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বরিশালের রূপাতলী টার্মিনাল

প্রতিমন্ত্রীর অনুসারী ২ নেতাকে কুপিয়েছেন মেয়র অনুসারীরা

প্রতিমন্ত্রীর অনুসারী ২ নেতাকে কুপিয়েছেন মেয়র অনুসারীরা
×

আল আমিন

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ১১:২৯ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ১১:২৯

বরিশাল নগরীর পশ্চিমাংশে রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্রে করে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী শ্রমিকেরা এবার সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ২ অনুসারীকে কুপিয়েছেন। আহতরা হলেন জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লা (৪০) এবং তার সহযোগী আল আমিন (২৫)।  

সোমবার ইফতারির কিছু আগে রূপাতলী টার্মিনাল-সংলগ্ন বসুন্ধরা হাউজিং এলকায় সুমন মোল্লার বাড়ির সামনে এ হামলা চালানো হয়। এ সময় তার বাড়িসহ আরও তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

তবে সুমন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সুমন মোল্লার স্ত্রী আইরিন আক্তার জানান,  সোমবার সন্ধ্যায় ইফতার করার জন্য সুমন মোল্লা রূপাতলী বসুন্ধরা হাউজিংয়ের বাড়িতে আসেন। ইফতারিরর ৬-৭ মিনিট আগে বাড়িতে প্রবেশ করার সময় ৩৫-৪০ জন  ধারালো অস্ত্রধারী তাকে ধরে নিয়ে নিয়ে প্রকাশ্যে কোপাতে থাকে।

এ সময় তার সঙ্গে থাকা আল আমিন সুমনকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। সুমন মোল্লার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয় এবং সুমন মোল্লার বাড়ি ও পাশের দুটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানান তিনি।

স্থানীয় কাউন্সিলর (২৫ নম্বর ওয়ার্ড) সাইদুর রহমান জাকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে আইরিন আক্তারের অভিযোগ।বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে সুমনের ওপর এই হামলা হয়েছে বলে তিনি অভিেযোগ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কাউন্সিলর সইদুর রহমান জাকির মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী। মেয়রের অনুসারীরাই এই হামলা করেছেন।

অভিযোগের বিষয়ে মেয়র অনুসারী বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ‘আমরা সন্ধ্যায় রূপাতলী এলাকায় যাইনি। তাই এটা কারা করেছে সে ব্যাপারে কিছুই জানি না। কেউ অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না।’

কাউন্সিলর সাইদুর রহমান জাকির বলেন, ‘সুমন মোল্লার ওপর হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তার বিরুদ্ধে করা অভিযোগ অসত্য।’

এর আগে রোববার দুপুরে মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের শ্রমিক এবং ছাত্রলীগের কতিপয় নেতা প্রতিমন্ত্রী অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদের কার্যালয়ে হামলা চালান। রোববার দুপুরে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় ঘটনাটি ঘটে।হামলায় সুলতান মাহমুদসহ প্রতিমন্ত্রী অনুসারী ২০ শ্রমিক আহত হন।

রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে দীর্ঘদিন ধরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুকের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি কমিটি গঠন করে।

মেট্টােপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা রাত ৯টায় বলেন, তিনি সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  ঘটনাস্থলে ও টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যার পর থেকে রুপাতলী টার্মিনাল এবং সংলগ্ন বসুন্ধরা হাউজিং এলাকায় মেয়রের অনুসারীরা মহড়া দিচ্ছে। পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রুপাতলী টার্মিনাল এলাকায়।

আরও পড়ুন

×