উষ্ণ ভালোবাসা নিয়ে দুই স্থানে শীতার্তদের পাশে সুহৃদ সমাবেশ
উষ্ণ ভালোবাসা নিয়ে দুই স্থানে শীতার্তদের পাশে সুহৃদ সমাবেশ- সমকাল
রাজবাড়ী প্রতিনিধি ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৮:৫৩
পদ্মার ভাঙনে নিঃস্ব ময়না খাতুন, রাবেয়া বেগম, রাহেলাদের বাস রাজবাড়ী শহরতলির গোদারবাজার এলাকায় নদীর তীরসংলগ্ন বেড়িবাঁধের পাশে। তীব্র শীত আর হিমেল হাওয়ায় তাদের জীবন সংগ্রামমুখর। এরই মাঝে কম্বল পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে। ভাঙনকবলিত মানুষ ছাড়াও রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে রাজবাড়ী সুহৃদ সমাবেশ।
মঙ্গলবার শহরের আজাদী ময়দানে দেড়শ' শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেছে সংগঠনটি।
মাঘের তীব্র শীতে উষ্ণতা নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শীতার্তদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ। সোমবার উপজেলার বিভিন্ন এলাকার চারশ' শীতার্তের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। মানবতাবাদী এ উদ্যোগের সহযোগিতায় ছিল আল-খায়ের ফাউন্ডেশন, এসজি শারমিন গ্রুপ ও লাবিব গ্রুপ।
রাজবাড়ীতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান। এ উপলক্ষে আলোচনা সভায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা প্রভাত দাস বিষ্ণু, সহসভাপতি আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান বলেন, সমকাল সুহৃদ সমাবেশের মহতী এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সব স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। এদিকে সরিষাবাড়ী পৌর এলাকায় নাছির উদ্দিন কিন্ডারগার্টেন স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন সরিষাবাড়ী সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ওমর কাজী।
সরিষাবাড়ী সমকাল সুহৃদের সাধারণ সম্পাদক বাদশা ভুঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সরিষাবাড়ী শাখার উপদেষ্টা গোলাম মোস্তফা জিন্নাহ, মো. আন্নু মিয়া, আব্দুল হক তরফদার, সরিষাবাড়ী সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, মমিনুল ইসলাম, নাসিম উদ্দিন, মিজানুর রহমান, মশিউর রহমান, সমকাল সুহৃদের সহসভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলম শিপন, মাহমুদুল হাসান বজলু, অর্থ সম্পাদক শাহিন মিয়া খোকন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক হাসানুল কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম নবীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- শীতবস্ত্র বিতরণ
- রাজবাড়ী
- সরিষাবাড়ী
