ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

নিলামে এক হালি আম বিক্রি হলো ২৫০০০ টাকায়

নিলামে এক হালি আম বিক্রি হলো ২৫০০০ টাকায়
×

২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে আমগুলো -সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫১

শীতকালে গাছে আম! ব্রাহ্মণবাড়িয়ায় হাওরবেষ্টিত উপজেলা নাসিরনগরের মানুষের কাছে তা অবিশ্বাস্য ব্যাপার। বাস্তবতা হচ্ছে এই শীতে নাসিরনগরের একটি আম গাছে আম ধরেছে এবং এক হালি আম বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। 

উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ছাতিকামলা পাড় মসজিদের গাছের চারটি আম শুক্রবার জুমার নামাজের সময় নিলামে বিক্রি করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, ধরমন্ডল বাজার থেকে কিনে ওসমান গনি নামে এক যুবক শতবর্ষী ওই মসজিদে ১টি আমের চারা রোপণ করেছিলেন। স্থানীয় ভাষায় ‘আইশ্বনা’ জাতের চারাটি রোপণের তিন বছরের মাথায় গাছে মুকুল আসতে শুরু করে। আমও ধরে। একেকটি আমের ওজন প্রায় ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হয়। বছরে তিনবার আম ধরে এই গাছে। এ বছর শীতে ৬টি আম ধরেছে। এর মধ্যে চারটি পরিপক্ক আম উন্মুক্ত নিলামে তোলা হয়। 

মসজিদে থাকা মুসল্লিরা জানান, নিয়ম অনুযায়ী একজন নিলামকারী আম হাতে নিয়ে হাঁক ছাড়েন, ‘৫০১ টাকা’ তখন কোন এক মুসল্লি দাম বলেন ১০০১ টাকা। এভাবে একে একে ২০০১, ৪০০১ ও ৫০০১ দাম বলতে বলতে ১০ হাজারের কোটায় ছাড়িয়ে নেন উৎসাহী মুসল্লীরা। শেষ পর্যন্ত ২৫ হাজারে স্থির হয় আম চারটির দাম। জুমার নামাজে অংশ নিতে আসা প্রায় ২৫০ জন মুসল্লির উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। আমগুলো কিনেছেন মো. শাহ আলম মিয়া নামে এক মুসল্লি।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, আমি শুনেছি ধরমন্ডল ইউনিয়ে বারোমাসি আমগাছ আছে। চারটি আম ২৫ হাজার টাকায় বিক্রির বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য।

আরও পড়ুন

×