ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ইউসিবিএলের চট্টগ্রাম শাখায় ডাকাতির চেষ্টা

ইউসিবিএলের চট্টগ্রাম শাখায় ডাকাতির চেষ্টা
×

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ডাকাতির চেষ্টার খবরে শাখাটি ঘিরে উৎসুক জনতা- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৮

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। দুর্বৃত্তরা ব্যাংকের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করেছে। আর দারোয়ানকে অজ্ঞান অবস্থায় ব্যাংকের দরজায় পাওয়া গেছে।

শুক্রবার রাতে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া পাঁচতলাবিশিষ্ট বায়তুশ শরফ জিলানি মার্কেটে এ ঘটনা ঘটে। 

জিলানি মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউসিবিএল ব্যাংকের কদমতলী শাখা। ডাকাতি চেষ্টার ঘটনায় ভল্ট অকেজো হয়ে যাওয়ায় ব্যাংক থেকে কোনো কিছু খোয়া গেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ভবন মালিক আবদুল হাইকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে ব্যাংকে প্রবেশ করে পুলিশ। ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরাগুলো উল্টানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক সমকালকে বলেন, ব্যাংকটির ভল্ট ভারী কোনো কিছুর আঘাতে ভাঙার চেষ্টা করা হয়েছে। এ কারণে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে থাকা চাবি দিয়ে ভল্টের দরজা খুলছে না। এটি খোলা না যাওয়া পর্যন্ত টাকা খোয়া গেছে কিনা, নিশ্চিত হওয়া যাচ্ছে না। ব্যাংক কর্মকর্তারা ঢাকায় তাদের ভল্ট বিশেষজ্ঞদের খবর পাঠিয়েছেন। তারা চট্টগ্রামে এসে ভল্ট খুলতে পারলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া অন্য কিছু খোয়া গেছে কিনা, তা ব্যাংকের কর্মকর্তারাও জানাতে পারেননি। তবে ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজের ডিভিডি নিয়ে গেছে। সেটি পাওয়া যাচ্ছে না।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ সমকালকে জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ব্যাংকের দারোয়ানকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাংকের তিনটি কলাপসিবল গেটের তালা কেটে ফেলা হয়েছে। বন্ধের দিন থাকায় ব্যাংকের কর্মকর্তারা ছিলেন না। তাদের খবর দেওয়া হলে তারা আসেন। এরপর ব্যাংকে প্রবেশ করেন তারা। ব্যাংক থেকে কিছু খোয়া গেছে কিনা, তা খতিয়ে দেখছে পিবিআই, সিআইডি ও ডবলমুরিং থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে ভবনটির ব্যাচেলর ভাড়াটিয়ারা নিচে নামার সময় ব্যাংকের দ্বিতীয় তলায় দারোয়ানকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা ৯৯৯-এ ফোন করে জানান।

জানা গেছে, বায়তুশ শরফ জিলানি মার্কেটের পাঁচতলার নিচতলায় গাড়ির যন্ত্রাংশের দোকান। দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাংকের শাখা। চতুর্থ তলায় ব্যাচেলররা ভাড়া থাকেন। পঞ্চম তলায় একটি এনজিওর নামে চলতি মাসের ২ তারিখ ভাড়া নিয়েছেন কিছু ব্যক্তি। ঘটনার পর থেকে তাদের হদিস মিলছে না।

ভবনটির নিচতলায় থাকা একটি যন্ত্রাংশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাত ৩টা ৫১ মিনিটে দুই ব্যক্তি ব্যাংকের সিঁড়ি বেয়ে নেমে আসে। তারা নিচতলায় সিঁড়ির মুখে কলাপসিবল গেটে তালা লাগিয়ে চলে যায়। দু'জনের মধ্যে একজনের কাঁধে একটি ব্যাগ ছিল।

আরও পড়ুন

×