চোরাইপথে আনা ৯ হাজার লিটার ফার্নেস তেলসহ গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৩১
চট্টগ্রামে চোরাইপথে আনা ৯ হাজার লিটার ফার্নেস তেলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নগরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে শনিবার তাদের গ্রেফতার করা হয়। তেলবাহী ট্যাংকারটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার দুইজন হলেন- কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা গ্রামের আবদুল মোনাফের ছেলে রিজওয়ানুল ইসলাম ও পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. রহমান।
র্যাব-৭ এর স্কোয়াড কমান্ডার এএসপি কাজী মো. তারেক আজিজ সমকালকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব ফার্নেস তেল আনা হয়। গোপন সংবাদে অভিযান চালিয়ে তেলের ট্যাংকারটি আটক করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, তেলের ট্যাংকারটিতে ৯ হাজার লিটার ফার্নেস তেল ছিল। গ্রেফতার দুইজনের মধ্যে রিজওয়ানুল ইসলাম ট্যাংকারটির মালিকের শ্যালক ও মো. রহমান চালক।
তারেক আজিজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে- বিদেশ থেকে চোরাইপথে গভীর সমুদ্রে জাহাজে ফার্নেস তেল আনা হয়। সেখান থেকে নৌকায় তেল কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে এনে ট্যাংকারে ভরা হয়। এরপর ট্যাংকার নিয়ে যাওয়া হয় সীতাকুণ্ড এলাকায়। সেখান থেকে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয় এসব ফার্নেস অয়েল। এই চক্রে আরো যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ফার্নেস তেল
