চট্টগ্রামে অনলাইনভিত্তিক জুয়ায় জড়িত তিনজন গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০০
চট্টগ্রামে অনলাইনভিত্তিক জুয়ার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে কোতোয়ালী থানা পুলিশ নগরীর বাণ্ডেল রোডের আনসার ক্লাবের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন- মাহে আলম (৩৫), মো. ফরহাদ (২৬) ও মামুনুল হক (৩০)।
এর আগে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ ‘জুয়াড়িকে’ গ্রেপ্তার করা হয়েছিল। তারা ‘বিট-৩৬৫’ নামে একটি অনলাইনভিত্তিক জুয়ার সাথে জড়িত।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বিট-৩৬৫ একটি অনলাইনভিত্তিক জুয়ার আসর। গ্রেপ্তার হওয়া তিনজনের সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে। ওই ওয়বসাইটে তারা ফুটবল-ক্রিকেট খেলা নিয়ে ডলারের বিনিময়ে বাজি ধরে।
তিনি বলেন, তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, ২৮ হাজার টাকা এবং ওয়েবসাইটে ডলার পরিশোধের ডকুমেন্ট পাওয়া গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া তিন এজেন্টকে গ্রেফতারের চেষ্টা চলছে।
- বিষয় :
- চট্টগ্রাম
