দৌলতপুরে ৩০ ঘর পুড়ে ছাই
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪০
কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ আগুনে পুড়ে ৩০টি ঘর ভষ্মিভূত হয়েছে। মারা গেছে প্রায় ১৫টি গবাদি পশু। রোববার দুপুর ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মারচর লোকনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়েছে ১৫টি পরিবার।
এলাকাবাসী জানান, লোকনাথপুর গ্রামের জিন্নাত সর্দার পাড়ায় ময়ের উদ্দিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তার আগেই পুড়ে যায় অনেকের ঘর।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে চাল, ডাল ও কম্বলসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
