দামি জিনিসপত্র রেখে ফাইল তছনছ করে গেল চোরেরা!
ফাইল ছবি
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:০৭
বরগুনার বামনা উপজেলা পরিষদের তিনটি সরকারি দপ্তরে চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে চোরের দল মূল্যবান কোন জিনিসপত্র না নিয়ে দপ্তর তিনটির আসবাপত্র ও ফাইল তছনছ করে রেখে গেছে।
চুরি সংঘটিত হওয়া ওই দপ্তর তিনটি হলো উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয় ও অফিস কক্ষ এবং উপজেলা খাদ্য অফিস।
সোমবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দপ্তর তিনটির কর্মকর্তা ও কর্মচারিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আইনি ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
বামনা উপজেলা খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক মোসা. মাহমুদা আক্তার জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় অফিস খুলতে গিয়ে দেখতে পান কক্ষের দরজার তালা কাটা। কক্ষের ভেতরের অলমিরা ভাঙা ও মালামাল এলোমেলো। তবে কম্পিউটার, ল্যাপটপসহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র না নিয়ে শুধু ড্রয়ারে থাকা পাঁচশত টাকা হাতিয়ে নিয়েছে চোরের দল।
বামনা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কোনো দপ্তর থেকে মূল্যবান কিছুই খোয়া যায়নি। এ ঘটনায় ওই দপ্তর তিনটির কর্মকর্তা বা কর্মচারিরা থানায় লিখিত কোন অভিযোগ দাখিল করেননি।
এব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, উপজেলা পরিষদের ভিতরে চুরির ঘটনাটি আসলেই দুঃখজনক। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
