এসএসসি পরীক্ষার্থী কমেছে সিলেটে
×
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৮
সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) এবার অংশ নিচ্ছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ৪ হাজার ৫৯৯ জন কম। আগের বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৪৭ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৩১৮ জন, মানবিকে ৮৪ হাজার ২৭১ ও ব্যবসায় শিক্ষায় ৮ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার সমকালকে বলেন, গত বুধ ও বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধসহ কিছু প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে বোর্ডের অভ্যন্তরীণ সাতটি ভিজিল্যান্স টিম গঠিত হয়েছে। শিক্ষকদের নিয়ে করা হয়েছে আরও ৩০টি টিম।
- বিষয় :
- সিলেট
- এসএসসি
- পরীক্ষার্থী
