শেরপুরে বাসচাপায় ইজিবাইক চালক নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০২:৪৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০২:৪৪
শেরপুর পৌর শহরের প্রাণকেন্দ্র ও ছয় উপজেলার অটোস্ট্যান্ড খোয়ারপাড় শাপলা চত্বরে বাসচাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তির নাম মজনু পাগলা (৬০)। তিনি সদর উপজেলার মধ্য কুমড়ী গ্রামের মো. আওয়ালের ছেলে।
আহতদের মধ্যে জবেদা ও নাজমা নামে গুরুতর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জামালপুর জেলার দিগপাইতে। আহত অপর দুইজন হলেন- আপন (২০) ও আব্দুর রব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে যমুনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে জামালপুর জেলার বকশীগঞ্জ যাচ্ছিল। খোয়ারপাড় শাপলা চত্বরে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বেশ কয়েকটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় মজনু পাগলার ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মারা যান। এ ছাড়া আরও বেশ কয়েকটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে। বাস আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- শেরপুর
- পৌর শহর
- শাপলা চত্বর
- বাসচাপা
- ইজিবাইক চালক নিহত
