ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৫
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত দু'দিনে মিনা (৩৫) ও পুশিনা (৩২) নামে একই পরিবারের দু'জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় অসুস্থ অবস্থায় ঐ পরিবারের আরও তিন সদস্য বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
নিহত মিনা বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও পশিনা ঐ পরিবারের হাজিরুল ইসলামের স্ত্রী।
অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঐ পরিবারের মৃত গিয়াস উদ্দীনের স্ত্রী হাজেরা বেগম (৩৪), মফিজুল ইসলামের স্ত্রী আলিয়া (৩২) ও নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা।
পরিবারের বাকি সদস্যরা জানান, শুক্রবার রাতে হঠাৎ করেই মারা যান হাফিজুলের স্ত্রী মিনা। এরপর শনিবার রাতে আবারও হাজিরুলের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পরে তাকে বাসায় নিয়ে আসা হলে রোববার সকালে মারা যান তিনি। পরে আবারও পরিবারের তিনজন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক রকিবুল ইসলাম জানান, ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঐ গ্রাম পরিদর্শন করেছেন। এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আর সেখানকার লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা ভর্তি আছেন তাদেরও তেমন কোন সমস্যা দেখা যাচ্ছেনা। তবে আমরা তাদের সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছি।
- বিষয় :
- অজ্ঞাত রোগ
- মৃত্যু
- ঠাকুরগাঁও
