ছোট্ট শরীরে বড় 'বোঝা' বয়ে বেড়াচ্ছে খাদিজা
শিশু খাদিজা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫১
খাদিজা খাতুন। বয়স মাত্র দুই বছর। সবার মতো সেও খাচ্ছে, কথা বলছে। কিন্তু এই ছোট্ট শরীরেই তাকে বহন করতে হচ্ছে বড় 'বোঝা'। খাদিজার দুঃখ তার বিশাল আকৃতির মাথা! যা আর দশজনের চেয়ে একদম আলাদা।
অদ্ভুত আকৃতির মাথা নিয়ে দুই বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের রাজমিস্ত্রি হাসান আলী ও রিমা খাতুনের ঘরে জন্ম নেয় খাদিজা। এই দম্পতির প্রথম সন্তান সে।
খাদিজার মাথা স্বাভাবিকের চেয়ে আকৃতিতে বড় হওয়ায় অন্যদের থেকে আলাদা সে। জন্মের পর থেকে তাকে দেখতে বাড়িতে ভিড় করে এলাকার মানুষ। সেই অবস্থা চলছে এখনও।
পরিবার জানায়, হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। কিন্তু মাথার আকৃতি অদ্ভুত হওয়ায় পরিবারে আনন্দের পরিবর্তে বিষাদ নেমে আসে।
খাদিজার বাবা হাসান আলী জানান, সন্তানের বাবা হচ্ছি ভেবে তিনি খুব আনন্দিত ছিলেন। কিন্তু সন্তান জন্মের পর তাদের সেই আনন্দ ম্লান হয়ে গেছে। তিনি বলেন, ডাক্তার বলেছেন উপযুক্ত চিকিৎসা করালে সে ভালো হতে পারে। কিন্তু তাতে অনেক টাকা লাগবে। এত টাকা জোগাড় করার সাধ্য আমার নেই। তাই তিনি দেশবাসী ও সরকারের সহযোগিতা চেয়েছেন।
কানসাট মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডা. মো. কামাল উদ্দিন বলেন, একে হাইড্রোকেফালা বা মাথায় পানি ধরা রোগ বলে। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এ রোগের চিকিৎসা নিতে হবে।
- বিষয় :
- ছোট্ট শরীর
- খাদিজার বড় বোঝা
- শিবগঞ্জ
