ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হিজলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

হিজলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড
×

দণ্ডপ্রাপ্ত চার জেলে। ছবি-সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ০৫:২৬ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ০৫:২৬

বরিশালের হিজলাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হিজলা সংলগ্ন মেঘনা নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। 

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ৬ জন জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে ৪ জনকে কারাদণ্ড দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার। এ সময় আটক ২ কিশোর জেলেকে (অপ্রাপ্ত বয়স্ক) মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত চার জেলে হলেন, মো. সাইফুল ইসলাম মল্লিক (৩০), মো. নাজমুল হক শিকদার (২৫), নূরুল ইসলাম তালুকদার (২৭) ও মো. কাওসার মল্লিক (২৫)। এদের সকলের বাড়ি হিজলা উপজেলার চর বিশার গ্রামে। 

হিজলা নৌ পুলিশ সূত্র জানায়, আটক জেলেদের কাছ থেকে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বিকাশ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে সমকালকে বলেন, বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে দেশের সকল নদ-নদী ও সাগরে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে হিজলা সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ ধরছিল একদল জেলে। এ সময় উপজেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের নিয়ে অভিযানে গেলে অবৈধভাবে মা ইলিশ নিধনের সময় ছয় জন জেলেকে আটক এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আরও পড়ুন

×