ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

যৌতুকের জন্য গরম ডাল ঢেলে দেওয়া হলো স্ত্রীর শরীরে

যৌতুকের জন্য গরম ডাল ঢেলে দেওয়া হলো স্ত্রীর শরীরে
×

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০১

যৌতুকের টাকার জন্য গরম ডাল ঢেলে ঝলসে দেওয়া হলো লাভলী আক্তার নামে এক গৃহবধূকে। আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের বার্ন ইউনিটে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় মুক্তাগাছার লাঙ্গুলিয়া গ্রামে।

এ ঘটনায় স্বামী বাবুল সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

পরিবারের সদস্য ও থানা পুলিশ জানায়, মুক্তাগাছার বন্দগোয়ালিয়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে লাভলী আক্তারকে প্রায় ২০ বছর আগে বিয়ে দেন একই উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের ড্রাইভার বাবুল সরকারের কাছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিত স্ত্রী লাভলী আক্তারকে। এ নিয়ে সংসার জীবনে তাদের মধ্যে অনেক ঘটনাই ঘটেছে। তাদের রয়েছে তিন সন্তান। সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে স্ত্রী লাভলী আক্তার তার স্বামীকে ৫ লাখ টাকা এনে দেয়। এর পরও বিভিন্ন সময় আরও টাকার জন্য চাপ দেয় বাবুল। পরে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করে লাভলী আক্তার। রোববার সন্ধ্যায় রান্না করার সময় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায় বাবুল চুলার ওপর থেকে গরম ডাল নিয়ে ঢেলে দেয় স্ত্রী লাভলী আক্তারের শরীরে। এতে তার মুখ, গলা, কান ও বুক ঝলসে যায়। গুরুতর অবস্থায় ওইদিনই তাকে ময়মনসিংহের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় লাভলী আক্তারের ভাই আয়নাল হক মুক্তাগাছা থানায় মামলা করেছেন।

লাভলী আক্তারের ছোট ভাই আয়নাল হক বলেন, তার বোন জামাই বাবুল সরকার ছিল নেশাগ্রস্থ। নেশার টাকার জন্যই তার বোনকে মারধর করত। মারধরের কারনে বিভিন্ন সময় প্রায় ৫ লাখ টাকা দেওয়া হয় বাবুল সরকারকে। ঘটনার দিন টাকার জন্যই তার বোনের শরীরে চুলার ওপর থেকে গরম ডাল ঢেলে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, যৌতুকের টাকার জন্যই লাভলী আক্তারের ওপর গরম ডাল ঢেলে তার শরীর ঝলসে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই রাতেই স্বামী বাবুল সরকার আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

×