প্রেমিকার দিকে তাকানো নিয়ে ছাত্রলীগের মারামারি
মারামারিতে আহত একজন হাসপাতালে- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৮:৪০
প্রেমিকার দিকে তাকানো নিয়ে সংঘর্ষে জড়িয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দুই পক্ষ।
শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের এ ঘটনায় চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে; উদ্ধার হয়েছে ধারলো অস্ত্র।
আহতদের মধ্যে দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের দ্বিতীয় দফা হামলায় হাসপাতালে ভর্তি হওয়া আরো দুইজন ছাত্র পালিয়ে গেছেন বলে জানা গেছে।
নানা অভিযোগে কয়েক মাস আগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বর্তমানে সাতক্ষীরা জেলা কমিটিবিহীন ছাত্রলীগের নেতাদের মধ্যে নতুন কমিটির সভাপতি-সম্পাদক পদ নিয়ে আশিক গ্রুপ ও পারভেজ গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।
প্রক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আশিকের সমর্থক ইব্রাহীম দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে তার প্রেমিকার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তাদের মধ্যে মান-অভিমান চলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন পারভেজ গ্রুপের সজিব। এসময় তিনি ইব্রাহিমের প্রেমিকার দিকে তাকান। এ নিয়েই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।
আশিক জানান, তার সমর্থক ইব্রাহীম, হাসানুজ্জামান নিশান ও সাকিবসহ কয়েকজন ছাত্র কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল। এ সময় পারভেজ গ্রুপ সমর্থিত ফরহাদের সাথে সিগারেট খাওয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এরপর ছুরিকাঘাত করে হামলার ঘটনা ঘটে।
পারভেজ গ্রুপ সমর্থকরা জানান, আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক ও আদনান এই হামলার জন্য দায়ী। এতে কলেজছাত্র উজ্জ্বলসহ কয়েকজন আহত হন।
আহত উজ্জ্বল জানান, আশিক গ্রুপ সজীব ও ফরহাদকে মারপিট করছিল। উজ্জ্বল তাদের ঠেকাতে গেলে তিনিও আহত হন। তিনি অভিযোগ করে বলেন, তাদেরকে মারপিটের পর তারা হাসপাতালে গেলে সেখানে আরও এক দফা হামলার ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। উজ্জলের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
