নার্স করলেন অপারেশন, প্রসূতির মৃত্যু
নিহত ফারহানা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০০:২৪ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০০:৩১
ফেনীতে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে সিজার করানোয় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতের এই ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক।
এদিকে এ ঘটনায় রাতেই ৩ জনকে আসামি করে নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ফারহানা আক্তার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর খুশিপুর গ্রামের প্রবাসী জুলহাসের স্ত্রী। সিজারের পর তার একটি ছেলে সন্তান জন্ম নেয়। নবজাতকটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ফেনী শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতি ফারহানা আক্তারকে। বিকেলে তাকে দ্রুত সিজার করার কথা বলে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় ফারহানার। এ সময় প্রসূতির অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা জাহানারা বেগম জানান, চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে অপারেশন করানোয় আমার মেয়ের মৃত্যু হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শহর পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ফেনী
- প্রসুতির মৃত্যু
