সিলেটে দুবাই প্রবাসী যুবক করোনায় আক্রান্ত নন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৩:৫০
সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া দুবাই প্রবাসী যুবক জাকারিয়ার (৩২) শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গত বৃহস্পতিবার ওই রোগীর রক্তের নমুনা ঢাকায় নিয়ে গিয়েছিল। শনিবার তারা মৌখিকভাবে জানিয়েছেন পরীক্ষা-নিরীক্ষায় রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। রোববার তারা এ সংক্রান্ত লিখিত প্রতিবেদন পাঠাবে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, কানাইঘাটের ওই যুবকের অবস্থা আগের চাইতে একটু ভালো। এখন তিনি ঘন ঘন কাশি দিচ্ছেন না এবং জ্বরের মাত্রাও একটু কম।
প্রসঙ্গত, সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে দুবাই প্রবাসী জাকারিয়া (৩২) ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে’ গত বুধবার থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
জাকারিয়া দুবাইয়ের একটি আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে কাজ করতেন। সেই হোটেলের সবচেয়ে বেশি কাস্টমার ছিল চীনের নাগরিক। দুবাই থাকাকালীন জাকারিয়ার শরীরে জ্বর উঠে। সেখানে চিকিৎসাও করান। অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তিনি দুবাই থেকে গত ২৯ ফেব্রুয়ারি দেশে চলে আসেন।
গত বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণের সঙ্গে মিল থাকায় চিকিৎসকরা তাকে ঢাকায় যেতে বলেন। কিন্তু তিনি ঢাকায় যেতে না চাওয়ায় তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস
