ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পদ্মায় নৌকাডুবি

রইল বাকি শুধু কনে, বাবা তারে খুঁজছেন ক্ষণে ক্ষণে

রইল বাকি শুধু কনে, বাবা তারে খুঁজছেন ক্ষণে ক্ষণে
×

সুইটির জন্য কাঁদছেন বাবা- সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৬:১৮ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৬:২৩

হাতে মোবাইল ফোনের স্ক্রিনে কিছুক্ষণ পরপর নজর রাখছেন। না, কোনও খবর আসছে না। আশপাশে হাজারো উৎসুখ মানুষের মুখের দিকে চোখ রাখছেন। না, তারাও কোন খবর দিচ্ছেন না। কিছুক্ষণ পরপরই যাকে পাচ্ছেন জড়িয়ে ধরে প্রিয় মেয়েকে নিয়ে বিলাপ করতে করতে কেঁদে উঠছেন মো. শাহীন। শাহীনের কান্নায় একটাই আর্তি, ‘মা তুমি জীবিত ফেরো। জীবিত মুখটা দেখতে চাই। কারো বাড়িতে আশ্রয় নিয়ে বেঁচে থাকো- এই দোয়া করছি আল্লাহর কাছে।’

শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর শ্রীরামপুরে পদ্মায় বরযাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় ৯ জন নিখোঁজ হন। এরমধ্যে রোববার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়। শুধুমাত্র কনে সুইটির লাশটি এখনো উদ্ধার হয়নি।

সুইটির বাবা শাহীন একদিকে যেমন হতাশায় বুক ভারী করছেন আরেকদিকে মেয়ের বেঁচে থাকা নিয়ে আশাও করছেন। মাঝে মাঝেই বিলাপ আর আহাজারিতে প্রকাশ করছেন তা। রোববার দিনভরই এই দৃশ্য দেখেছেন পদ্মাপাড়ে লাশের খোঁজে আসা মানুষগুলো।

পদ্মায় ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার ও অনুসন্ধান দলের সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, নৌকা ডুবির তৃতীয় দিন রোববার দুপুরে কনে সুইটির ফুপাতো বোন শিশু রুবাইয়ার (১২) ও খালা আঁখির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। রুবাইয়ার লাশটি দুর্ঘটনাস্থল শ্রীরামপুর এলাকার পদ্মানদীতেই পাওয়া গেছে।

তিনি জানান, আঁখির লাশটি ভেসে যায় চারঘাট উপজেলার টাঙ্গনে। রোববার বিকেলে আঁখির লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৮ জনের লাশ উদ্ধার করা হলো। সবগুলো লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকটি লাশের দাফন কাফনের জন্য সরকারিভাবে ২০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।  এঘটনায় কনে সুইটির সন্ধান এখনো মেলেনি।

রোববার সকালে তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। এদিন ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটিও উদ্ধার করেছে তারা। সকাল সাড়ে ১০টার দিকে অভিযানকালে ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটি উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় চরখিদিরপুরে বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় বরযাত্রীবাহী দুটি নৌকা ডুবে যায়। পরে বালুবাহী একটি নৌকায় ৩২ উঠতে পারলেও ৯ জন নিখোঁজ হন।

আরও পড়ুন

×