মাগুরায় মেয়েকে খুনের অভিযোগে মা আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৭:১৬
তিন বছরের শিশু সন্তানকে গলা টিপে খুনের অভিযোগে মাগুরায় এক মাকে আটক করেছে পুুুলিশ।
রোববার বিকেলে মাগুরা শহরের কলেজপাড়া হাজী রোড়ের একটি বাড়ি থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার ও অভিযুক্ত সুফিয়া বেগমকে (৩৬) আটক করা হয়।
সুফিয়া পুলিশের কাছে এই হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত মৃত্যুপথযাত্রী; তাই মেয়েকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে চান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইদুর রহমান জানান, সুফিয়া বেগম নিজে তার তিন বছর বয়সী শিশু কন্যা মাহিমাকে গলা টিপে হত্যা করেছে। পরে এটিকে দুর্ঘটনা বলে চালানোর জন্য মৃতদেহ ঘরে রেখে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশিরা ধোয়া দেখতে পেয়ে পাশেই ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি জানান, এলাকাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু ফাহিমার মৃতদেহ উদ্ধার করে। তবে শিশুটির শরীরের আগুনে ঝলসানোর কোনও আলামত না থাকায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ শিশুটির মা সুফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেই নিজ সন্তানকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেন।
ওসি বলেন, হত্যার কারণ হিসেবে সুফিয়া বেগম জানান- তিনি ক্যান্সারের রোগী। এ অবস্থায় দুই মাস আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন তিনি যেহেতু নিজে বাঁচবেননা, সেহেতু সন্তানকেও দুনিয়া থেকে সঙ্গে নিয়ে যেতে চান।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, সুফিয়া বেগম মাদক ব্যবসায় জড়িত। প্রায় তিন বছর ধরে তিনি কলেজ পাড়ার সাহাদৎ হোসেনের বাড়ির তিন তলায় দ্বিতীয় স্বামী মনু মিয়ার সঙ্গে বসবাস করে আসছিলেন। দুই মাস আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। প্রথম স্বামী আবু তালেবের ঘরে তার আরো দুটি মেয়ে রয়েছে।
ওসি বলেন, শিশু মাহিয়াকে কেন হত্যা করা হয়েছে তার তদন্ত এবং মাদকাসক্তের কারণে তার মা মানুষিক ভারসাম্যহীন কিনা তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- মাগুরা
