ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চট্টগ্রামে রঙিন ব্যানারে প্রচারণা, নৌকার প্রার্থীকে জরিমানা

চট্টগ্রামে রঙিন ব্যানারে প্রচারণা, নৌকার প্রার্থীকে জরিমানা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ১১:৩৯

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘন করে রঙিন ব্যানারে প্রচারণা চালানোর অপরাধে নৌকা প্রতীকের এক প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কালুরঘাট সেতুর পাশে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী এম রেজাউল করিমের পক্ষে একটি নির্বাচনী ক্যাম্পে তিন মিটারের রঙিন ব্যানার টাঙিয়ে প্রচারণা চালানোর সময় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক।

বিষয়টি নিশ্চিত করে মামনুন আহমেদ অনীক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে আচরণবিধি লঙ্ঘন করার প্রমাণ পেয়েছি আমরা। এ জন্য নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে সতর্কও করা হয়েছে। নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী রঙিন ব্যানার-পোস্টার ছাপিয়ে প্রচারণা এবং নির্দিষ্ট আকারের চেয়ে বড় ব্যানার-পোস্টার ছাপিয়ে প্রচার-প্রচারণা চালানো অপরাধ। কিন্তু নগরের চান্দগাঁও, মোহরা এবং পূর্ব ষোলশহর এলাকায় বেশ কিছু রঙিন ব্যানার-পোস্টার লাগানো অবস্থায় পেয়েছি আমরা। পরে সেগুলো অপসারণ করা হয়েছে।

অপর এক অভিযানে নগরের ডবলমুরিং ও বন্দর এলাকা থেকে বেশকিছু রঙিন ব্যানার-পোস্টার অপসারণ করার কথা সমকালকে জানান আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

সোমবার থেকে নির্বাচনী আচরণবিধি তদারকি করতে ছয় জন ম্যাজিস্ট্রেট মাঠে নামেন।

আরও পড়ুন

×