ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নাজিরপুরে শতবর্ষের চিতই পিঠা উৎসব

নাজিরপুরে শতবর্ষের চিতই পিঠা উৎসব
×
×

দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারীরা এ পিঠা তৈরিতে অংশ নিয়েছেন। ছবি: সমকাল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ১৫:১৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শতবর্ষের চিতই পিঠা উৎসব হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজারসংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালীমন্দিরে এ আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব চলে রোববার সকাল পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ অংশ নেন পিঠা উৎসবে।

সরেজমিন দেখা যায়, কালীমন্দিরে মাঠে সারি সারি করে ১০৮টি মাটির চুলা তৈরি করা হয়েছে। চুলার ওপর রাখা আছে চিতই পিঠা তৈরির সারঞ্জাম। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারীরা এ পিঠা তৈরিতে অংশ নিচ্ছেন।
কালীমন্দিরের পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় শতবছর আগে থেকে তাঁর পূর্বপুরুষ হরিষত আনন্দ চক্রবর্তী এ উৎসবের আয়োজন করেন। প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে চিতই পিঠা উৎসব শুরু হয়ে চলে সারারাত। পরদিন সকালে খিচুড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়।
যশোর থেকে পিঠা উৎসবে যোগ দিয়েছেন কল্পনা বিশ্বাস। তিনি বলেন, এ কালীমন্দিরে মানত পূরণের জন্য পিঠা উৎসবে এসেছি।
নাজিরপুর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফৌরদাউস লুনা জানান, এটি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর নির্দিষ্ট সময়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে দেশের বিভিন্ন স্থান হাজারো নারী-পুরুষ অংশ নেন।

আরও পড়ুন

×