ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বিজিবি সদস্য কারাগারে

শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বিজিবি সদস্য কারাগারে
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ২০:৩৯ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ২০:৪৯

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রথম শ্রেণিপড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল ওয়াদুদ (৪২) নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি সদস্য আব্দুল ওয়াদুদ উপজেলার আবিদপুর গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে। তিনি কক্সবাজার ৩৪ বিজিবিতে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত বুধবার স্কুল থেকে ফেরার পথে বিজিবি সদস্য আব্দুল ওয়াদুদ তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার হাতে ৫ টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে  নানা-নানী তার কাছে কারণ জানতে চান। এ সময় শিশুটি সব খুলে বলে। পরে গত শনিবার সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ আবিদপুর বাজার গেলে গ্রামবাসী তার কাছে এ বিষয়ে জানতে চায়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে লোকজন তাকে মারধরের পর পুলিশে সোপর্দ করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ধর্ষণ চেষ্টার মামলায় বিজিবি সদস্য আব্দুল ওয়াদুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×