ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বাইককে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ছাত্রলীগকর্মীর

বাইককে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ছাত্রলীগকর্মীর
×

মাহমুদুল হাসান মিথেল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৯:০২

বগুড়ায় নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলের করে ফেরার পথে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাহমুদুল হাসান মিথেল (২২) নামের এক ছাত্রলীগকর্মীর। রোববার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিথেল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাংলা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

তার বন্ধুরা জানায়, বগুড়া শহর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বগুড়া-১ আসনের (সোনাতলা- সারিয়াকান্দি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নিতে ওই এলাকায় যান। প্রচারণা শেষে নেতাকর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে শহরে ফিরছিলেন। ফেরার পথে একটি মোটরসাইকেলের পেছনে ছিলেন মিথেল। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলীর সোন্দাবাড়ি এলাকায় বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিথেল সড়কের উপরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থান রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও অপর আরোহী অক্ষত আছেন। 

বগুড়া শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১১টার দিকে মারা যান মিথেল।

আরও পড়ুন

×