চসিকের দেয়ালচিত্রে বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোশতাকের ছবি
মুছে ফেলা হচ্ছে খন্দকার মোশতাকের ছবি -সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:২৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় দেয়ালচিত্র এঁকেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। কয়েকটি দেয়ালচিত্রে বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোশতাকের ছবিও রয়েছে।
এতে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলোর নেতা-কর্মীরা মোশতাকের চিত্র কালো রং দিয়ে মুছে দিয়েছেন।
নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের দেয়ালে আঁকা দুটি দেয়ালচিত্র বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোশতাকের ছবি রয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক।
সিটি করপোরেশন সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে নগরের দেয়ালগুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তুলতে দেয়ালচিত্র আঁকার উদ্যোগ নেওয়া হয়। দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় করপোরেশন। গত সপ্তাহে এই কাজ শুরু করে তারা। চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের দেয়ালে আঁকা একটি চিত্রে গলায় মালা দেওয়া বঙ্গবন্ধুর ডানপাশে আঙুল উঁচিয়ে জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদ এবং বামপাশে সৈয়দ নজরুল ইসলাম ও মাথায় টুপি পরিহিত খন্দকার মোশতাককে দেখা যাচ্ছে। এই দেয়ালচিত্রের পাশে 'আ জ ম নাছির উদ্দীন, মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন' লেখা আছে। দেয়াল চিত্রে খন্দকার মোশতাকের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন সংগঠন। পরে মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের একটি সংগঠন, ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা খন্দকার মোশতাকের ছবি কালি দিয়ে মুছে দেন।
বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোশতাকের ছবি আঁকার বিষয়টি স্বীকার করেছেন সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে নগরে দেয়ালচিত্র আঁকার কর্মসূচি রয়েছে। দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব শিল্পীরা এসব ছবি এঁকেছেন তারা হয়তো খন্দকার মোশতাককে চিনতে পারেননি। ওরা হয়তো না বুঝেই এসব করেছেন। দুটি জায়গায় এই ধরনের দেয়ালচিত্র আঁকার খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কোন প্রতিষ্ঠান বা কোন শিল্পীরা এসব ছবি এঁকেছেন তা জানাতে পারেননি তিনি।
- বিষয় :
- চট্টগ্রাম
- বঙ্গবন্ধু
- খন্দকার মোশতাক
