ঈশ্বরগঞ্জে ২৩ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ
নিখোঁজ মাদ্রাসাছাত্র ফয়েজ আহমেদ অপু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১১:১৭
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসাছাত্র ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হন ফয়েজ আহমেদ অপু (২০) নামের ওই ছাত্র।
এ ঘটনায় ইশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলার মগটুলা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মতিউর রহমানের ছেলে অপু রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন।
গত ২২ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে যান অপু। ছুটি শেষে ২৪ ফেব্রুয়ারি মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও তিনি পৌঁছাননি বলে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বাবাকে জানিয়েছে। এরপর অপুর সন্ধান শুরু করে পরিবারের লোকজন। তার ব্যবহূত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও অপুর খোঁজ না মেলায় গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন অপুর বাবা মতিউর রহমান।
তিনি জানান, বাড়ি থেকে সুস্থ শরীরেই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন অপু। সময়মতো মাদ্রাসায় না পৌঁছানোয় কোনো অঘটনের শিকার হয়েছেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা।
সাধারণ ডায়েরিটি তদন্ত করছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই তানজিল আল আসাদুজ্জামান। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান চলছে।
- বিষয় :
- মাদ্রাসাছাত্র
- নিখোঁজ
- ঈশ্বরগঞ্জ
