মাধবপুর বাসস্ট্যান্ডে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিক অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনাই নদীর তীরে গড়ে উঠেছে মাধবপুর উপজেলা প্রশাসনিক ভবন, থানাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশে বিস্তৃত এসব গুরুত্বপূর্ণ স্থান প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু। বিজয়নগর, নাসিরনগর, চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের মানুষ প্রতিদিন কেনাকাটা, চিকিৎসা, শিক্ষা ও সরকারি সেবা গ্রহণের জন্য এখানে আসেন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনে উন্নীতকরণের কাজ ধীরগতিতে চলছে। বর্তমানে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ওভারপাস নির্মাণ করা হলেও এর নিচের অংশ মাটি দিয়ে ভরাটের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। এতে বাজারের দুই পাশের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
মাধবপুর বাজারের ব্যবসায়ী আলমগীর কবির বলেন, মাধবপুর বাজার, প্রশাসনিক ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সড়কের দুই পাশে অবস্থিত। ওভারপাসের নিচের অংশ ফাঁকা রেখে সেখানে ফ্লাইওভার বা চলাচলের ব্যবস্থা করা হলে মানুষ সহজে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবে। মাটি দিয়ে ভরাট করা হলে মাধবপুরের সৌন্দর্য নষ্ট হবে, ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং মানুষের দুর্ভোগ অনেক বেড়ে যাবে। এতে পূর্ব পাশের মানুষের পশ্চিম পাশে যাতায়াতও কঠিন হয়ে পড়বে।
মানববন্ধনে অন্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। সভায় বক্তারা আরও বলেন, মাধবপুরের জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এখানে একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ সময়ের দাবি। এতে যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন। পাশাপাশি বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমও সচল থাকবে।
- বিষয় :
- মানববন্ধন
