দুই বছর ধরে ঠিকমতো গ্যাস না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
দুই বছর ধরে স্বাভাবিক গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার হোমনা উপজেলার গ্রাহকরা। তাদের অভিযোগ, রাত গভীর হলে অল্প সময়ের জন্য গ্যাস এলেও চাপ এতটাই কম থাকে যে, রান্না করা সম্ভব হয় না। অবৈধ গ্যাস সংযোগের পাশাপাশি কিছু বৈধ গ্রাহকের অবৈধভাবে ‘প্রেসার বুস্টার’ ব্যবহারের কারণে সংকট আরও তীব্র হয়েছে।
গতকাল মঙ্গলবার হোমনা উপজেলা পরিষদ হলরুমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক সভায় এসব অভিযোগ উঠে আসে। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ। সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এবং বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।
সভায় উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, হোমনায় বিজিডিসিএলের গ্রাহক সংখ্যা দুই হাজার ৬৭৬ জন। এর মধ্যে আবাসিক নন-মিটার খেলাপি গ্রাহক এক হাজার ৪১৮ জন। তাদের কাছে বকেয়া বিলের পরিমাণ ছয় কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ২৬৭ টাকা। অন্যদিকে নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকের সংখ্যা মাত্র ১৪১ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে ৫২৯টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে বকেয়া বিলের কারণে ৫৫টি, অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৩১টি এবং অবৈধ সংযোগের কারণে ৬০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি দুটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫৯টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৬৪০ ফুট অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে গ্রাহকরা অভিযোগ করেন, কিছু গ্রাহক অবৈধভাবে ‘প্রেসার বুস্টার’ ব্যবহার করায় একই লাইনের অন্যান্য বাসায় গ্যাসের চাপ একেবারে কমে যায়। প্রয়োজনীয় গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করতে হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া দালালের মাধ্যমে বিভিন্ন সেবা নিতে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগও তোলেন কয়েকজন গ্রাহক।
জবাবে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও ‘প্রেসার বুস্টারের’ বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গ্রাহকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে গ্রাহকদের সরাসরি বিজিডিসিএলের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের হোমনায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীর পক্ষে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অংশীজন সভা শেষ হয়।
- বিষয় :
- গ্যাস
