উজিরপুরে জ্বর-কাশি নিয়ে একজন কোয়ারেন্টাইনে, ৫ বাড়ি লকডাউন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০ | ০১:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরিশালের উজিরপুর উপজেলার পৌর শহরে এক ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ থাকায় আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
স্থানীয়রা জানান, শহরের ৩ নম্বর ওয়ার্ডের রাখালতলা কালিরবাজার এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী আব্দুর রশিদ ব্যাপারী (৬০) দু’দিন আগে জ্বর-গলাব্যথা নিয়ে উজিরপুরের গ্রামের বাড়িতে আসেন। তিনি থাকেন বরিশাল নগরীর পলাশপুর এলাকায়। রোববার তার স্বাস্থ্যের অবনতি ঘটলে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে খবর দেয়।
উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রনতি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী সোমবার রাতে ওই ব্যক্তির গিয়ে ওই ব্যক্তির জ্বর সর্দি-কাশি ও গলাব্যথার উপসর্গের বর্ণনা শুনে প্রাথমিকভাবে তাকে করোনায় আক্রান্ত বলে সন্দেহ করছেন। এসব উপসর্গের কারণে আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ এবং আশেপাশের পাঁটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী বলেন, মঙ্গলবার সকালে অসুস্থ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর ব্যবস্থা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুর রশিদের বাড়িসহ ওই পাঁচটি বাড়ির সব সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রনতি বিশ্বাস জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে অসুস্থ আব্দুর রশিদ ব্যাপারীর বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
