ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মনুষ্যত্ব ছাড়া ভালো ডাক্তার হওয়া যাবে না: ডা. প্রাণ গোপাল দত্ত

মনুষ্যত্ব ছাড়া ভালো ডাক্তার হওয়া যাবে না: ডা. প্রাণ গোপাল দত্ত
×

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. প্রাণ গোপাল দত্ত। ছবি- সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১১:৩৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, ‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। মনুষ্যত্ব ছাড়া ভালো ডাক্তার হওয়া যাবে না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।’

রোববার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ১ম বর্ষ (২০২২-২০২৩ সেশন), ৩২তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ 

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছেন। দেশ এগিয়ে যাচ্ছে। চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যেখানে মানুষ নিজের জীবনকে বাঁচাতে ছোটাছুটি করেছে, ঠিক সেই মুহূর্তে চিকিৎসকরা করোনা রোগীর সেবা করেছেন। জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা মানবসেবায় স্মরণীয় হয়ে থাকবেন।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। বিএনপি-জামায়াতের বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেছেন।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব ডা. সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর স্বাচিবের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী প্রমুখ। 

/এইচকে/ 

আরও পড়ুন

×