ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২২:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকা থেকে কুমিল্লায় যাওয়া এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। আক্রান্ত ওই ব্যক্তি ঢাকায় একটি চালের আড়তে চাকরি করতেন। তার বয়স ৪৮। তার গ্রামটি লকডাউন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: রাশেদা আক্তার জানান, কুমিল্লার তিতাস উপজেলার বিরামকান্দির গ্রামের আক্রান্ত ব্যক্তি চারদিন আগে ঢাকায় জ্বর সর্দিতে আক্রান্ত হন। পরে কুমিল্লার তিতাসে নিজ গ্রামে আসেন। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটা চাল কলে কাজ করতেন। করোনা উপসর্গ দেখা যাওয়ায় বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। আপাতত বাড়িতে চিকিৎসা চলবে। উপজেলা থেকে তার শারীরিক অবস্থা মনিটরিং করা হবে। তারপর অবস্থা বুঝে উপজেলায় আইসোলেশন বা জেলায় তাকে আনা হবে।
উল্লেখ্য, এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার দুইটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
