বিরামপুরে হাজার হাজার মুরগির মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:২০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:৫৩
দিনাজপুর জেলার বিরামপুরে পোল্ট্রি ফার্মে হঠাৎ করে ১০ হাজারেরও বেশি মুরগির মৃত্যুর ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জের পোল্ট্রি খামারেও এ ঘটনা ঘটেছে।
পোল্ট্রি ফার্মের মালিক মামুন জানান, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় সব মিলিয়ে ২২টি পোল্ট্রি খামার রয়েছে আমার। এর মধ্যে সোনালী জাতের মুরগি রয়েছে ১২ টিতে। বেশ কয়েকদিন ধরে হঠাৎ করে সোনালী জাতের খামারে মুরগি মরতে শুরু করেছে। এ যাবৎ প্রায় সাড়ে ৯ হাজার মুরগি মারা গেছে যার বাজার মুল্য প্রায় ১৪ লাখ টাকা। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানানো হয়েছে।
মুরগিকে সঠিক সময়ে সকল টিকা এবং সব ধরনের চিকিৎসা দিয়েছেন বলেও জানান তিনি।
পোল্ট্রি ফার্মের মালিক এমতাজ উদ্দিন বলেন, 'আমার খামারে ৮ শ’ মুরগির মধ্যে গতকাল পর্যন্ত প্রায় ৫শ’ মারা গেছে। আমার মত ছোট খামরিদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা কীভাবে চলবো।' মুরগির এই রোগ কেন হচ্ছে তার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।
বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইদ্রিস আলী বলেন, 'এই বিষয়ে আমার জানা নেই। আসলে কী ঘটেছে তা আমরা তদন্ত করে দেখবো।'
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, আমি নিজে খামারে গিয়েছিলাম যতটুকু বুঝতে পেরেছি তাহল গাম্বুরো রোগের কারণে এই মুরগিগুলোর মৃত্যু হয়েছে। এই খামারিরা আমাদের সঙ্গে ঠিকভাবে যোগযোগ না রাখায় সঠিক সময়ে টিকা দিতে পারেনি এবং টিকা দিলেও বাহিরের ডাক্তারের কাছ থেকে টিকা নিয়েছে। তবে আমরা এই বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছি আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
