শৈলকুপায় গরীবের ১০ টাকা কেজির চাল নিচ্ছেন মধ্যবিত্তরা
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০০:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের শৈলকুপায় করোনার কারণে ঘর থেকে বের হতে না পারা দিনমজুর মানুষদের জন্য সরকারের ১০টাকা কেজির চালে ভাগ বসাচ্ছেন মধ্যবিত্ত ও চাকরিজীবিরা। গরীবের দীর্ঘ লাইনে অনেকটা তারা প্রভাব খাটিয়ে সামনের দিকে এসে ১০ টাকা কেজির এ চাল নিয়ে চলে যাচ্ছেন। এর মধ্যে পৌর এলাকার কিছু চাকরিজীবি ও শৈলকুপা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন।
শ্যামপুর গ্রামের ভ্যান চালকের স্ত্রী সেফালী বেগম জানান, অনেক দিন থেকে রাস্তাঘাটে মানুষ না থাকায় তাদের আয় রোজগার বন্ধ। তিনি ১০ টাকা কেজির চাল নিতে এসেছেন। কিন্ত এ লাইনে অনেক সচ্ছল ব্যক্তি দাঁড়িয়ে আছে যাদের তিনি চেনেন। যারা চাকরি ও ব্যবসা করে। এদের কারণে তারা চাল পাচ্ছে না। এ রকম অভিযোগ লাইনে দাঁড়িয়ে থাকা অনেক অসচ্ছলদের।
শৈলকুপা পৌর এলাকার নতুন বাজারের ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার আব্দুস সোবহান বলেন ,তারা প্রতিদিন ২শ জনকে ১ টন চাল দিতে পারবে। কিন্ত মানুষ আসছে তিন গুণ। এর মধ্যে রয়েছে সচ্ছল ও চাকরীজীবিরাও। এদের ভিড়ে যাদের জন্য বরাদ্দ তারাই পাচ্ছে না।
হাবিবপুর ফায়ার সার্ভিস এলাকার ডিলার আনিচুর রহমান অভিযোগ করেন, ১০ টাকা কেজির চাল নিতে চলে আসছে অনেক চাকরিজীবি। তারা অনেকটা প্রভাব খাটিয়ে ১০টাকা কেজির গরীবের এ চাল নেওয়ার চেষ্টা করছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া জানান, তাদের বরাদ্দ কম। প্রতিদিন তারা ২জন ডিলার দিয়ে ২ টন চাল বিক্রি করেন।
