ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
×

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪০

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মহাদেবপুর সদর ইউনিয়নের দোহালী ও শিবগঞ্জ এলাকার প্রায় ১০০ একর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে কয়েকটি পুকুরের মাছ। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রঞ্জনীতলা এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে প্রায় ২০ ফুট বাঁধ ভেঙে যায়। এই ভাঙনের ফলে নদীর প্রধান বাঁধ হুমকির মুখে পড়েছে। দ্রুত মেরামত করা না হলে নদীর প্রধান বাঁধও ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, মহাদেবপুর উপজেলা কমপ্লেক্সের পেছনে রেইনট্রিতলা থেকে দোহালী পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ আত্রাই নদীর পূর্বপাড়ের বেড়িবাঁধটি কয়েকটি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত একটি অংশ দিয়ে পানি চুয়াতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার বাঁধ ভেঙে যায়। 

উপজেলার শিবগঞ্জ মোড়ের ইটভাটা মালিক হুমায়ুন কবির জানান, বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত এলাকায় ঢুকলে তাঁর তিনটি পুকুর উপচে যায়। এতে তাঁর চাষ করা কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। এ ছাড়া বিশাল এলাকাজুড়ে কয়েকটি কলার বাগান পানিতে ডুবে গেছে। 

উপজেলা সদরের রঞ্জনীতলার রণজয় মাতার মন্দিরের পুরোহিত সঞ্জিত কুমার জানান, বাঁধভাঙা পানিতে তাদের মন্দিরটি তলিয়ে গেছে।

এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা জানান, তাঁর এলাকায় আত্রাই নদীর পূর্বপাড়ের কয়েক কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। গ্রাম পুলিশ ও মেম্বাররা সার্বক্ষণিক বাঁধ পাহারা দিচ্ছেন। বাঁধের ছোটখাটো ক্ষতিগ্রস্ত স্থানে মাটি ফেলে মেরামতের চেষ্টা করা হচ্ছে। 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। তবে তারা শুধু নদীর প্রধান বাঁধের মেইনটেন্যান্স করেন। বেড়িবাঁধগুলো দেখার দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের। 

আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, বাঁধটি বড় আকারে ভেঙেছে। কিন্তু এ মুহূর্তে তাঁর কিছু করার নেই। 

সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন। দ্রুত জিও ব্যাগ ফেলে ভেঙে যাওয়া অংশটি মেরামতের ব্যবস্থা করা হবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন

×