গণপরিবহন চালুসহ ৩ দাবিতে সাভারে সড়ক অবরোধ-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক , সাভার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:১৯
গণপরিবহন চালু, ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদাবাজিসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় চার শতাধিক কর্মহীন গণপরিবহন শ্রমিক। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় গণপরিবহনের শ্রমিকরা প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তিন দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিক পক্ষের আশ্বাসে এক ঘণ্টা পর সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
ভুক্তভোগী পরিবহন শ্রমিকরা অভিযোগ করেন, করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। গত প্রায় এক মাস কর্মহীন অবস্থায় থাকলেও কেউ তাদের ত্রাণ কিংবা সহায়তা করেনি। এতে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও হতাশার মধ্য দিয়ে অসহায় হয়ে দিন পার করছেন তারা। তাই ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
সাভার পরিবহনের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সড়কে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেয়। আমরা তাদের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, মূলত করোনা সংকটের মাঝে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোনো সাহায্য না পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এমন সংকটময় পরিস্থিতিতে পরিবহন মালিকদের তাদের পাশে থাকার প্রয়োজন ছিল। কষ্টে থাকা এসব শ্রমিকদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ার পর শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
- বিষয় :
- ঢাকা-আরিচা মহাসড়ক
- মহাসড়ক অবরোধ
- গণপরিবহন