হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:৪০
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এই প্রথম এক ব্যক্তির (৬৯) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম নগরীর সঙ্গে লাগোয়া হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর শাহ আমানত কলোনিতে পরিবার নিয়ে বসবাস করেন।
তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। মঙ্গলবার সকালেই আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ সমকালকে বলেন, ‘করোনা উপসর্গ থাকায় আক্রান্ত ব্যক্তি তার পারিবারিক চিকিৎসকের পরামর্শে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা করান। এতে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তবে আক্রান্ত ব্যক্তি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেননি বলে যোগ করেন ডা. ইমতিয়াজ।
এদিকে মঙ্গলবার সকালেই আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।
- বিষয় :
- চট্টগ্রাম
- হাটহাজারী
- করোনাভাইরাস