কেরানীগঞ্জে ভবনে রহস্যজনক বিস্ফোরণ, আহত ১০
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন -সমকাল
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৯:২৮
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর রাতে হাজী আবুল হোসেনের বাড়ির চারতলায় বিস্ফোরণের ঘটনা হয়েছে। বিস্ফোরণে ওই বাড়ির চারতলার দুটি ইউনিট ভেঙ্গে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে সেই বিষয়ে এখনও সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ ও উপজেলা প্রশাসন। এই ঘটনায় আশপাশের প্রায় ৮ থেকে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাড়ির মালিক আবুল হোসেন এক সময় জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আবুল হোসেন বলছেন তার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। যদিও এলাকাবাসীর ধারণা এটি ছিল বোমার বিস্ফোরণ।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সেহেরী খেয়ে তারা ফজরের নামাজের প্রস্তুতি নেন। এ সময় আবুল হোসেনের বাড়ির চারতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আহতরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করেছে। এরপর বাড়িটি তালাবদ্ধ করে দিয়েছে। পুলিশের বিস্ফোরণ বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে। তারা তদন্ত করে বলতে পারবে ঘটনাটি কি ঘটেছে।
কেরানীগঞ্জের ইউএনও অমিত দেবনাথ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখেছি ৪ তলার বাড়ির একটি ইউনিটে বিস্ফোরণ ঘটেছে। এটা গ্যাস সিলেন্ডার থেকে না অন্য কিছু থেকে ঘটেছে তা বলা যাচ্ছে না। এতে ভবনটির পিলার, দেয়াল ধসে পড়েছে। আমরা উপজেলা ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম গঠন করেছি।
- বিষয় :
- ঢাকা
- কেরানীগঞ্জ
- বিস্ফোরণ