ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কমলনগরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রথম ৩ করোনা রোগী

কমলনগরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রথম ৩ করোনা রোগী
×

ছবি: সমকাল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ১২:৩১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রথম তিন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হওয়ার ১৯ দিন পর সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিট থেকে নিজ নিজ বাড়ি ফেরেন তারা। এ সময় ওই তিন করোনা জয়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল উপজেলার চরফলকন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম (৫৫), চরলরেন্স এলাকার মাদ্রাসাছাত্র মো. রিহান (১১) ও চরমার্টিন মুন্সীরহাট এলাকার নয়ন আক্তার (২৭) নামে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সম্প্রতি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা নেগেটিভ আসে। দ্বিতীয় দফায়ও তাদের নমুনা পাঠালে রোববার রেজাল্ট নেগেটিভ আসে। যে কারণে সুস্থ হয়ে ওঠায় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিট থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

এ সময় জেলা সিভিল সার্জন আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের তাদের হাতে ফুলের তোড়াসহ উপহার সামগ্রী তুলে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, ওই তিনজনের করোনা শনাক্ত হওয়ার পর তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করে দেওয়ার পাশাপাশি তাদের সংস্পর্শে আশা পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তাদের ফলাফলও নেগেটিভ আসায় ওই লকডাউন এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ডা. মো. আবু তাহের আরও জানান, এ তিনজন ছাড়াও হাসপাতালের এক চিকিৎসকসহ দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে তারা ভালো রয়েছেন।

আরও পড়ুন

×