মহেশখালীতে উপসর্গ ছাড়াই ৩ জন করোনায় আক্রান্ত
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ২২:৪৮
কক্সবাজারের মহেশখালীতে প্রথমবারের মতো ৩ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে তাদের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। আক্রান্ত তিনজনের মধ্যে উপজেলার শাপলুপর ইউনিয়নের দু'জন ও বড় মহেশখালী ইউনিয়নের একজন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন, 'এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসা ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তাদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ এসেছে।'
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম বলেন, 'এ উপজেলায় করোনা পরীক্ষায় ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু তাদের মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ প্রকাশ পায়নি।'
তিনি জানান, আক্রান্ত তিনজনের বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ বিভাগের টিম বাড়িতে গিয়ে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করছে। তাদের শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তারা যাদের সংস্পর্শে এসেছে খোঁজ নিয়ে তাদেরও বাড়িতে কোয়ারেন্টেন নিশ্চিত করা হচ্ছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- মহেশখালী