প্রশিক্ষণ দিয়ে তৈরি হবে এক কোটি স্বেচ্ছাসেবী
কুয়াকাটায় দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম নিয়ে সংলাপ
ছবি: সমকাল
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৪:১১
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ নিয়ে দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে প্রশিক্ষণ দিয়ে এক কোটি স্বেচ্ছাসেবীকে দুর্যোগ মোকাবিলার জন্য তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।
শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মানুষের জন্য দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের কার্যকারিতাবিষয়ক দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান।
সংলাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি বলেন, তাদের পরিকল্পনা রয়েছে সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে আশ্রয়ণ কেন্দ্র করে তোলার।
ভবিষ্যতে কীভাবে দুর্যোগে সম্পদের ক্ষয়ক্ষতি আরও কমিয়ে আনা যায়, সে বিষয়ে বক্তারা সংলাপে নানা মত দেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমকে দুর্যোগ ব্যবস্থাপনার একটি আধুনিক সংস্করণ হিসেবে উল্লেখ করে বলেন, এটি ২০১৫ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরীক্ষামূলকভাবে শুরু করে। ২০১৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় একটি টাস্কফোর্স কমিটি গঠনের মাধ্যমে এটি সরকারের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রূপ নেয়। তবে এ কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট তহবিল নিশ্চিতের আহ্বান জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নেতৃত্বে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও জার্মান রেড ক্রসের কারিগরি সহযোগিতায় সংলাপটির আয়োজন করে বিডিআরসিএস।
ত্রাণ সচিব কামরুল হাসানের সভাপতিত্বে সেখানে আরও অংশ নেন দুই সংসদ সদস্য আশ্রাফুন নেছা ও বেগম শাহীন আক্তার, ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কেলপেলি, টাস্কফোর্সের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
সংলাপের পরে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগে করণীয় বিষয়ে মহড়া হয়। এতে রেড ক্রিসেন্ট ও সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
