সরকারি ডরমিটরির টয়লেটে যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তার লাশ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০০:৫৪ | আপডেট: ৩১ মে ২০২০ | ০১:০১
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রধান কর্মকর্তা (টিএলসি) রফিকুল ইসলামের (৪৭) লাশ সরকারি ডরমিটরির টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এই ঘটনা ঘটে।
টিএলসি রফিকুল ইসলামের বাড়ি নীলফামারী সদরের জলঢাকা মহল্লায়। এছাড়া রংপুর সদরের রামবল্লপুর এলাকায়ও তার আরেকটি বাড়ি রয়েছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, রোববার সকাল ৮টার দিকে খবর পেয়ে সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্যে রফিকুল ইসলামের মৃতদেহ মর্গেপাঠানোর জন্য পুলিশকে বলা হয়েছে।
জানা গেছে, তাড়াশ উপজেলার পরিষদের সরকারি ডরমিটরির গৃহপরিচারিকা মছিরন বিবি সকালে কাজ করতে এসে রফিকুল ইসলামের রুমের দরজায় কড়া নেড়েও সাড়া শব্দ না পেয়ে অন্যদের খবর দেন। পরে প্রতিবেশী তাড়াশ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মোয়াজ্জিন এসে ওই কর্মকর্তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে মসজিদের মোয়াজ্জিন আবুল কালাম মই দিয়ে ছাদে উঠে সিঁড়ি বেয়ে নেমে গেট খুলে দেন। এ সময় লোকজন ভেতরে প্রবেশ করে দেখেন রফিকুল ইসলাম বাথরুমের মধ্যে মরে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম সমকালকে জানান, মৃত রফিকুল ইসলামের অভিভাবকরা আসার তার লাশের ময়নাতদন্ত হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, টিএলসি রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জেনেছি । মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পুলিশকে বলেছি।