ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গুরুদাসপুরে যুবকের কাটা পা খুঁজছে পুলিশ

গুরুদাসপুরে যুবকের কাটা পা খুঁজছে পুলিশ
×

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০১:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই মিঠু মন্ডলের (২৮) বাম পা তার ফুফাতো ভাই বাবু মন্ডল ও তার সহযোগীরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আহত মিঠুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মিঠু মন্ডল খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে। পরে কাটা পা উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, উপজেলার খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সঙ্গে যোগিন্দ্রনগর গ্রামের জালাল মন্ডলের ছেলে মিঠুর ফুফাত ভাই বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে মিঠু মন্ডল বাড়ি থেকে বের হয়ে খুবজিপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা পথরোধ করেন। এসময় মিঠু পালানোর চেষ্টা করলে বাবুসহ তার কয়েকজন সহযোগী ধরে ধারালো অস্ত্র দিয়ে মিঠুর বাম পা হাঁটুর নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করে দেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাবুরা পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। ঘটনার পর থেকে বাবু মন্ডলসহ তার সহযোগীরা পলাতক রয়েছে।

ওসি মোহাজার আরও বলেন, এঘটনায় এখনো (রোববার) দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। একই সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালছে।


আরও পড়ুন

×