কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে, কমেছে পাশের হার
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০২:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাশের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ এর পরিমাণ। তিনটি বিভাগে পাসের হার গড়ে ৮৫.২২ শতাংশ। গতবছর বোর্ডে পাশের হার ছিল ৮৭.১৬শতাংশ।
এ বছর ১ লাখ ৫৯ হাজার ৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে এক হাজার ৪৮১ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রোববার সকালে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। এ বিভাগে ৪৪ হাজার ৭১২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২৬৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬ .৩৩ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৪২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে ৫৮ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন।
অন্যদিকে বোর্ডের এবারের ফলাফলে পাশের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাশের হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এ বছর মোট ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জেলাওয়ারি ফলাফলের শীর্ষে ফেনী, ৮৮ দশমিক ১৫ শতাংশ। সবার শেষে নোয়াখালী ৮১ দশমিক ৫৯ শতাংশ।