ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বরিশালে বোর্ড সেরা পটুয়াখালী জেলা

বরিশালে বোর্ড সেরা পটুয়াখালী জেলা
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০২:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল বোর্ডের আওতাধীন ৬ জেলায় এসএসসিতে পাসের হারে শীর্ষে রয়েছে পটুয়াখালী জেলা। গত বছর পঞ্চম স্থানে থাকা এ জেলা এবার শীর্ষে উন্নীত হলো। অপরদিকে গতবছরের শীর্ষ জেলা পিরোজপুরের অবস্থান হয়েছে এবার চতুর্থে। গত কয়েকবছরের মতো এবারও ঝালকাঠির জেলার অবস্থান সর্বনিম্নে। দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বরগুনা, বরিশাল ও ভোলা। গত বছর বরগুনা ও বরিশাল জেলা একই অবস্থানে ছিল। ভোলা চতুর্থ স্থান থেকে অবনতি হয়ে এবার পঞ্চম স্থান পেয়েছে।

রোববার এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য।

বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার হলো ৮৩ দশমিক ২০। এ জেলায় বিদ্যালয় হচ্ছে ২৫৭টি। জেলা থেকে ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৫ জন। গতবছরের মতো এবারও দ্বিতীয় স্থান অর্জনকারী বরগুনা জেলার পাসের হার ৮৩ দশমিক ১৪। এ জেলার ১৫১টি বিদ্যালয় থেকে ১২ হাজার ১২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৮০ জন। বরিশালের ৪১৬টি বিদ্যালয় থেকে ৩৭ হাজার ৫৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৮৫২ জন। তৃতীয় স্থানে থাকা এ জেলার পাসের হার হচ্ছে ৭৬ দশমিক ৭৪। চতুর্থ স্থানে থাকা পিরোজপুর জেলা থেকে ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ১৩৫ জন। জেলায় পাসের হার ৮৩ দশমিক ৯৮। পঞ্চম ভোলা জেলায় পাসের হার ৭৬ দশমিক ১৮।  এ জেলার ১৯৪টি বিদ্যালয় থেকে ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ১৭৬ জন। সর্বশেষ ষষ্ঠ স্থান অর্জনকারী ঝালকাঠি জেলায় পাসের হার ৭৯ দশমিক ৫৫। এ জেলায় ১৭০টি বিদ্যালয় থেকে ১০ হাজার ৫১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৩৬৮ জন।

আরও পড়ুন

×