ইউনিয়ন যুবলীগ সভাপতির ওপর দুর্বৃত্তের হামলা, সাংবাদিকসহ আহত আরও ৬
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৩:৪২ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৩:৫২
কুমিল্লার মুরাদনগরে দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তোলায় দারোরা ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে একই ইউনিয়নের যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া ও তার ছোট ভাই খলিলুর রহমান খলিলের মাথা ফাটিয়ে দিয়েছে মাদকসেবী দুর্বৃত্তরা। এ ঘটনায় দৈনিক সমকাল পত্রিকার মুরাদনগর সংবাদদাতা মো. শরিফুল আলম চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার বিকেলে উপজেলার কাজিয়াতল গ্রামে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় আহতদের মুরাদনগর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও তাদের ওপর আরেক দফা হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার রাতে দারোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া বাদী হয়ে দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানসহ ২০ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া বলেন, দারোরা ইউনিয়নে ভূয়া প্রকল্প দেখিয়ে এবং কোন কাজ না করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান ও তার দলবল। তিনি আরও বলেন, আমার দলের লোকেরা বিভিন্ন দপ্তরে বিষয়টি নিয়ে অভিযোগ করায় তিনি এলাকার মাদকসেবীদের সংঘবদ্ধ করে অতর্কিতে এ হামলা চালায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে দারোরা ইউপির চেয়ারম্যান শাহজাহানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন না ধরায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।