ভৈরবে করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৬:১১ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০৬:২৫
কিশোরগঞ্জের ভৈরবে করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ এর ঘর ছুঁয়েছে। একই সঙ্গে উপসর্গ নিয়ে বৃহস্পতিবার নতুন করে মারা গেছেন তিনজন। এরআগে বুধবার মারা যান চারজন।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের কেবি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এক ব্যক্তি মারা যান। তার বয়স ৫৫ বছর। পরিবারের সদস্যরা জানায়, এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। করোনা সন্দেহ হলেও পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়নি। এই অবস্থায় ভোর থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং সকাল সাতটার দিকে মারা যান।
উপসর্গ নিয়ে ভোর চারটায় মারা গেছেন পৌর শহরের জগন্নাথপুর এলাকার এক বৃদ্ধ। পরিবারের সদস্যরা জানান, ১০ দিন ধরে তার জ্বরের সঙ্গে সর্দি ছিল। করোনা সংক্রমণ ছিল কিনা-জানতে তারও নমুনা নেওয়া হয়নি। ভোর তিনটার দিকে শ্বাসকষ্ট শুরু হয় এবং এক ঘণ্টার ব্যবধানে তিনি মারা যান।
এদিন সকাল আটটার দিকে মারা যান আরও এক বৃদ্ধ। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার বাসিন্দা। তিনিও এক সপ্তাহের বেশি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। তিনিও পরীক্ষার বাইরে ছিলেন।
ভৈরবে আজ নতুন করে আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে ভৈরবে মোট আক্রান্তের সংখ্যা ১৫০ স্পর্শ করল। মারা গেছেন তিনজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ভৈরবের পরিস্থিতি ভালো না। চেষ্টা করেও স্বাস্থ্যবিধি অনুসরণ করানো যাচ্ছে না। বিশেষ করে ঈদের পর থেকে ভৈরবে সংক্রমণ বেড়েছে।