বরিশালে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৫:০৮
বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত এক গৃহবধূ (৩৫) মারা গেছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান।
গত মঙ্গলবার তিনি এ হাসপাতালে ভর্তি হন। ওই গৃহবধূর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
শেবাচিম হাপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হলে তাৎক্ষণিক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রাতে পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং সকাল পৌনে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১২ জুন সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন।