নরসিংদীতে করোনায় আক্রান্ত বেড়ে ৯৪৫
প্রতীকী ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৫:৩৮
নরসিংদীতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। জেলায় সরকারি হিসেব মতে- এ পর্যন্ত ১৫ জন মৃত্যুবরণ করেছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতের সর্বশেষ তথ্যমতে নতুন করে আরও ৫৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫ জনে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬৫৩ জন, রায়পুরাতে ৬৪ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫৪ জন, পলাশে ৮০ জন ও মনোহরদীতে ২৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন, এর মধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে ১ জন, বেলাব উপজেলায় ২ জন, রায়পুরায় ২ জন ও মনোহরদীতে ১ জন।
এ দিকে করোনা সংক্রমণ রোধে জেলার মাধবদী পৌর এলাকার ৪ ও ৫ নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুর বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য কঠোরভাবে লকডাউন ঘোষণা করেছে নরসিংদী জেলা প্রশাসন।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহ আলম মিয়া জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে জেলা প্রশাসকের নির্দেশে এ লকডাউন কার্যকর করা হয়েছে। শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকি সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।