ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মায়ের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৬:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিপ্লব চৌধুরী (৩৫) নামে এক যুবক মারা যাওয়ার ২০দিন পর মা হরিবালা চৌধুরীরও(৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নেয়ার পর হরিবালা চৌধুরী মারা যান। এর আগে গত ২২ মে মারা যান ছেলে বিপ্লব চৌধুরী। সরকারি নির্দেশনাযায়ী স্বাস্থ্যবিধি মেনে দু’জনেরই সৎকার করা হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন কর্মকারপাড়ার বিপ্লব চৌধুরী চট্টগ্রামে থাকতেন। তিনি করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চলে আসেন। তবে তিনি বিষয়টি কাউকে জানাননি। বাড়িতে আসার পর থেকেই তিনি সামাজিক দূরত্ব বজায় রেখেই চলাফেরা করতেন। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ মে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি হৃদরোগে মারা যান বলে চিকিৎসকরা জানান। তবে উপসর্গ থাকায় করোনা সন্দেহে স্বাস্থ্যবিধি মেনেই তার লাশের সৎকার করা হয়। এ অবস্থায় পরিবারের সদস্যদের নমুনা দেয়া হলে বিপ্লব চৌধুরীর বড় ভাইসহ চারজনের করোনা পজেটিভ আসে। তবে মায়ের ফলাফল আসেনি। বৃহস্পতিবার মা হরিবালা চৌধুরী অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পর তিনি মারা যান। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর স্বাস্থ্যবিধি মেনে রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি শ্মশাণে ওই নারীর মরদেহের সৎকার করা হয়।

প্রতিবেশী মিঠু নামে এক ব্যবসায়ী জানান, বিপ্লব চট্টগ্রাম থেকে আসার পর তার করোনার বিষয়ে কেউ নিশ্চিত ছিলেন না। নমুনা দিয়েছেন কি-না বা ফলাফল কি এসেছে সেটিও সে তার পরিবারের কাউকে জানায়নি। এর মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত কারণে তিনি মারা যান।

তিনি আরো জানান, এ অবস্থায় পরিবারের সদস্যদের নমুনা দেয়া হলে দুইদিন আগে বিপ্লব চৌধুরীর বড় ভাইসহ চারজনের করোনা পজেটিভ আসে। তবে মায়ের ফলাফল আসে নি। পরে বৃহস্পতিবার বিকেলে বিপ্লবের মা মারা যান। প্রশাসনের লোকজনের সহায়তায় স্থানীয় আরো কয়েকজনকে নিয়ে লাশের সৎকার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে করোনা সন্দেহে স্বাস্থ্যবিধি মেনেই তার সৎকার সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

×